বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই প্রতিনিধি স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দলগত চেষ্টায় জয়ের লক্ষ্য শ্রীলঙ্কার। অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখে কাগজে-কলমে শীর্ষ চার নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
২০১১ এ ভেন্যুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের ২৮ বছরের অপেক্ষার অবসান করে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিলো ভারত। একযুগ পর বিশ্বকাপে আবারও মুখোমুখি হওয়ার আগে সে স্মৃতি উজ্জ্বল ভারতের কাছে। ওয়াংখেড়ে আরও একবার শ্রীলঙ্কাকে হারিয়ে কাগজে-কলমে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য টিম ইন্ডিয়ার। প্রতিপক্ষ শ্রীলঙ্কার সেমির স্বপ্ন নিভু নিভু। ভারতসহ বাকি তিন ম্যাচে জয়ের সঙ্গে অনেক যদি কিন্তুর ওপর ঝুলছে তাদের সমীকরণ।
এবারের বিশ্বকাপ ভারতের কাছে মনে রাখার মতো এক আসর। টানা ছয় জয়। দুর্দান্ত ফর্মে আছেন রোহিত শর্মা। ৬ ম্যাচে বিশ্বকাপে তার রান ৩৯৮। সমান ম্যাচে কোহলির রান ৩৫৪। ছন্দে আছেন লোকেশ রাহুলও। বল হাতে শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে একাই দলকে টেনে নিয়ে গেছেন মোহাম্মদ শামি। দুই ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা প্রায় নিশ্চিত। আর মাত্র চারটি উইকেট পেলেই বিশ্বকাপে জহির খান ও জাভাগার শ্রীনাথের ৪৪ উইকেটের রেকর্ড স্পর্শ করবেন তিনি। কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই ভারতের একাদশে।
প্রতিপক্ষ শ্রীলঙ্কা শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে ব্যাকফুটে আছে। সেমিফাইনালের স্বপ্ন ধরে রাখতে চাইলে ভারতকে হারাতেই হবে। প্রতিপক্ষ শক্তিশালী জানা আছে কোচ সিলভাউডের। দলগত চেষ্টাতেই ভরসা তার।
লঙ্কান কোচ সিলভাউড বলেন, আফগানিস্তানের কাছে হারের পুরো দল মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। ভারতের বিপক্ষে ফলাফল ওদের আত্মবিশ্বাস বাড়াবে। বিশ্বকাপে টিকে থাকতে চাইলে এটা আমাদের করতেই হবে। দলগত চেষ্টায় আমরা ম্যাচ জিততে চাই।
বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিলো দু’দলের। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।