যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংলাপের বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় মঙ্গলবার ম্যাথিউ মিলারের নিয়মিত প্রেস ব্রিফিং চলাকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার এই আহ্বানের প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসেন তবে তিনিও বিরোধী দলের সঙ্গে সংলাপ করবেন।
এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেন, আপনার প্রশ্নের প্রথম অংশের (বাইডেন-ট্রাম্প সংলাপ) উত্তরে আমি কোনও মন্তব্য করবো না। আমি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আগে যা বলেছি সেটি ছাড়া অন্য কোনও মন্তব্য করছি না। আমরা বিশ্বাস করি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য অর্জনের জন্য সংলাপ (সরকার-বিরোধী দল) গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা সহিংসতার ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে বাংলাদেশের জনগণের সুবিধার জন্য, শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একত্রে কাজ করার আহ্বান জানাতে যুক্ত আছি। এবং আমরা আমাদের এই কাজ চালিয়ে যাব।