অবশেষে পিএসজির জার্সিতেও ছন্দে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। ঘরোয়া লিগে নিজেদের মাঠে স্ট্রাসবোর্গের বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। ৩-০ গোলের বড় ব্যভধানে জিতেছে পিএসজি।
গত সপ্তাহে ইউরো বাছাইয়ে ফ্রান্সের হয়ে তিন ম্যাচে দুই গোল করলেও পিএসজির জার্সিতে গোল খরা চলছিল এমবাপ্পের। অবশেষে গোল খরা কাটিয়েছেন তিনি। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে।
ম্যাচের শুরুতে গনজালো রামোসকে অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টি পায় পিএসজি। এমবাপ্পে সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি। ম্যাচের ত্রিশ মিনিট পার হতেই পিএসজি দ্বিতীয় গোল পায়। কার্লোস সোলের করেন গোলটি। এ গোলটির রূপকার ছিলেন এমবাপ্পে। ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ।
ফলে ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস।