তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১০টি প্রকল্প উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৮ অক্টোবর) সকালে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান ও শেখ রাসেল দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ-২০২৩ পুরস্কার প্রদান করেন তিনি।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
বুধবার সকাল ৭টা ১০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের মতো শিশু রাসেলও রক্ষা পাননি ঘাতকদের নির্মম বুলেট থেকে। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।