২০২৬ বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। এটি প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে বাংলাদেশ ও মালদ্বীপ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে মালদ্বীপ।
ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১১তম মিনিটে ফাহিমের বলে হুসাইন শরিফকে বোকা বানিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিব। এরপর গোছানো ফুটবলে মালদ্বীপকে ব্যস্ত করে তুলে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে জামাল ভূঁইয়াদের। কিন্তু ওয়ান বাই ওয়ানে দুর্দান্ত সুযোগটি মিস করেন রাকিব।
ম্যাচের ৩৬তম মিনিটে কর্ণার থেকে দলকে সমতায় ফেরান ইব্রাহিম এইমাস। পরে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গিয়েছে দু’দল।
উল্লেখ্য, এই ম্যাচে যারা জিতবে তারা পাবে দ্বিতীয় পর্বের টিকিট। ১২ অক্টোবর মালেতে অনুষ্ঠিত দু’দলের প্রথম ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।