ফলোয়ারদের ধরন বুঝে আলাদা স্টোরেজ প্রদর্শনের সুবিধা চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। নতুন এ ফিচারটি চালু হলে আলাদা আলাদা গ্রুপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এতে নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রামের স্টোরেজ দেখতে পারবেন না। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। খবর গ্যাজেটস নাউ।
বিদ্যমান ফিচার অনুসারে, ইনস্টাগ্রামে কোনো পোস্ট করলেই তা অ্যাকাউন্টের ফলোয়ারদের সবাই দেখতে পারেন। ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে মূলত উদ্যোগ নিয়েছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিকমাধ্যমটি।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, ফলোয়ারদের ছোট ছোট বিভিন্ন গ্রুপে বিভক্ত করা যাবে ইনস্টাগ্রামে। পাশাপাশি গ্রুপগুলোয় থাকা ফলোয়াররা কোন কোন স্টোরেজ দেখতে পারবেন, তাও নির্ধারণ করা যাবে।
ইনস্টাগ্রাম স্টোরেজের দর্শক বর্তমানে দুভাবে নির্ধারণ করা যায়। প্রথমত, যেকোনো অনুসরণকারী ইনস্টাগ্রাম স্টোরেজ দেখতে পারবেন। দ্বিতীয়ত, ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক ফলোয়ারের কাছে এ স্টোরেজ প্রদর্শন করা যায়। নতুন সুবিধাটি চালু হলে ফলোয়ারদের ছোট ছোট গ্রুপে ভাগ করে আলাদাভাবে বিভিন্ন স্টোরেজ প্রদর্শন করা যাবে। তবে একটি গ্রুপে কতজন অনুসারী যুক্ত করা যাবে, সে বিষয়ে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।