ওয়াই সিরিজে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। ফ্রস্টেড এলিগ্যান্স ডিজাইনযুক্ত স্মার্টফোনটির মডেল ওয়াই১৭এস। গ্লিটার পার্পল ও ফরেস্ট গ্রিন রঙের নতুন স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৮৪০ নিটস উজ্জ্বলতার ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরাসহ একাধিক ফিচার।
ডিভাইসটির পেছনে ক্যামেরার চারপাশে স্কয়ার শেপের গ্লসি ডিজাইন দেয়া হয়েছে। ভিভো ওয়াই১৭এস স্মার্টফোনটির ডান পাশেই সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে। প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও জি৮৫ ও অপারেটিং সিস্টেম হিসেবে ফানটাচ ওএস১৩ রয়েছে ভিভো ওয়াই১৭এসে। ৬ দশমিক ৫৬ ইঞ্চির এলসিডি মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেতে পাওয়া যাবে ১৬১২×৭২০ রেজল্যুশন।
একাধিক অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্প্লিট স্ক্রিন মোড অন করে দুটি অ্যাপ একসঙ্গে স্ক্রিনে ব্যবহার করা যাবে। মাল্টিটাস্কিংয়ের জন্য ডিভাইসটিতে ৬ জিবি র্যামের পাশাপাশি আরো ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য স্মার্টফোনের সঙ্গে ১৫ ওয়াটের টাইপ সি ফ্ল্যাশ চার্জার দেয়া হয়েছে। ওয়াই১৭এস স্মার্টফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে।
পারফেক্ট সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ। ভিভোর যেকোনো অথরাইজড শোরুম কিংবা ই-স্টোরে আগামীকাল থেকে ১৫ হাজার ৯৯৯ টাকায় স্মার্টফোনটি কেনা যাবে।



















