বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির বাসায় মাঝরাতে বৈঠক, তামিম ইকবালের ফিটনেস নিয়ে জল্পনা আর হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে গুঞ্জন- এমন নাটকীয় পরিস্থিতির মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিমকে বাদ দিয়েই ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় বিসিবির ওপর ক্ষোভ ঝাড়ছেন দেশের হাজারও ক্রিকেট ভক্ত। সোশ্যাল মিডিয়ায় বিসিবি বস থেকে শুরু করে নির্বাচক প্যানেলের মুন্ডুপাত করছেন টাইগার সমর্থকরা। কেউ কেউ তামিমের না থাকার পেছনে সাকিব ও হাথুরুকেও দায়ী করছেন।
সবাই যখন বলছেন তামিমকে ষড়যন্ত্র করে বাদ দিয়েছে বিসিবি, সেই সময় মুখ খুললেন মাশরাফি। জানালেন তাকে বাদ দেওয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি। এ সম্পর্কে ভুল তথ্য যাতে না ছড়ায়, তামিমের জন্য ম্যাশ ততটুকু সম্মান প্রাপ্য মনে করছেন।
মাশরাফি বলেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো— তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।
তামিম গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন। বিশ্বকাপের দল ঘোষণার আগে তার ইনজুরির বিষয়টি বিসিবিকে মাথায় রাখতেও বলেছিলেন তামিম। তার পরও কেন বিশ্বকাপ দলে থাকতে চাইলেন না দেশের সবচেয়ে সফল ওপেনার? ম্যাশ লেখেন, এখন প্রশ্ন হতে পারে— তামিম কেন দলে থাকতে চাইল না? আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোনো একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব।
উল্লেখ্য, দল ঘোষণার আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলাতে দেখা যায়। কিন্তু তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন এ নিয়ে কোনও পক্ষই মুখ খুলছে না। তার যাওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ।