অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে জিমেইল ব্যবহারে খুব একটা সুবিধা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। কম্পিউটার থেকে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক ই-মেইল নির্বাচন করতে পারে, যা অ্যান্ড্রয়েডে নেই। তবে এ ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে গুগল। এর মাধ্যমে সহজে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা যাবে। খবর গ্যাজেটসনাউ।
নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি অ্যান্ড্রয়েডের জিমেইলে সিলেক্ট অল বাটন যুক্ত করতে যাচ্ছে। বর্তমানে শুধু ডেস্কটপ ভার্সনে বাটনটি রয়েছে। এর মাধ্যমে একবারে ৫০টির বেশি ই-মেইল নির্বাচন করা যায়। এছাড়া ডেস্কটপ ভার্সনে যেকোনো পেজে একসঙ্গে সব কথোপকথন মার্ক করা যায়। প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে সিলেক্ট অল বাটন আনবে গুগল। অ্যান্ড্রয়েড ১৪ (বেটা) ও অ্যান্ড্রয়েড ১৩-এ হালনাগাদ ইন-অ্যাপ টুলটি পাওয়া যাবে।
সার্ভারের মাধ্যমে ডিভাইস অনুযায়ী ফিচারটি আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অ্যাপ আপডেটে এটি যুক্ত করা হবে না, যে কারণে সব ব্যবহারকারী হয়তো তাৎক্ষণিকভাবে ফিচারটি দেখতে পারবে না বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা।
অন্যদিকে জুলাইয়ে জিমেইলের ওয়েব ভার্সনে নতুন ক্যালেন্ডার টুল যুক্ত করেছে গুগল। এ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইলের কম্পোজ উইন্ডো থেকে সরাসরি মিটের শিডিউল তৈরি করতে পারে।