শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় টিকটককে জরিমানা করেছে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রকরা। এর পরিমাণ ৩৪ কোটি ৫০ লাখ ইউরো বা ২৯ কোটি ৬০ লাখ পাউন্ড। খবর বিবিসি।
অ্যাপ ব্যবহারকারী শিশুদের তথ্য গোপন না রাখায় চীনের শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে জরিমানা করেছে আইরিশ ডাটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। এটি টিকটকের এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় জরিমানা।
ডিপিসি একটি আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা। এটি তথ্যের গোপনীয়তা নিশ্চিতে কোনো প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালা (জিডিপিআর) মেনে চলছে কিনা তা তদারক করে। টিকটক অ্যাপে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইরিশ ডাটা প্রটেকশন কমিশন। দুই বছর ধরে তদন্তের পর টিকটকের ব্যর্থতার বিষয়টি সামনে আসে।
টিকটকের বিভিন্ন সেটিংস ও ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষেত্রে জিডিপিআর মেনে চলা হচ্ছে কিনা সে ব্যাপারে তদন্ত করা হয়েছে। তাতে ডিপিসি দেখেছে অপ্রাপ্তবয়স্কদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি টিকটক।
অন্যদিকে জরিমানা সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে টিকটক। প্লাটফর্মটির দাবি, উদ্বেগগুলোকে চিহ্নিত করে তারা এরই মধ্যে পরিবর্তন এনেছে। যার মধ্যে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সব অ্যাকাউন্ট ডিফল্টভাবে প্রাইভেট সেট করা থাকবে।
শিশুদের ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ অধ্যাপক সোনিয়া লিভিংস্টোন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি শিশুদের ডাটা ও গোপনীয়তার অধিকারকে সম্মান করার গুরুত্ব তুলে ধরেন। বেইজিংভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক অবৈধভাবে ইইউ থেকে চীনে ডাটা স্থানান্তর করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।