সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ বেশ প্রচলিত। অন্যগুলোর মতো এটিতে বিজ্ঞাপন নেই। এটিতেও বিজ্ঞাপন যুক্ত করতে পারে মেটা, এমন গুঞ্জন উঠেছে। তবে হোয়াটসঅ্যাপ গুঞ্জন নাকচ করে দিয়েছে। খবর টেকটাইমস।
অনেকের অভিযোগ, আয়ের উৎস বাড়াতেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে এক্স প্লাটফর্মে বিবৃতি দিয়েছেন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথার্ট। তার বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিজ্ঞাপন যুক্ত করার তথ্যটি ভুল। আগে ফাইন্যান্সিয়াল টাইমস আরেকটি প্রতিবেদনে জানায়, হোয়াটসঅ্যাপের মালিকানা কোম্পানি মেটা প্লাটফর্মটিতে বিজ্ঞাপন যুক্ত করার কথা ভাবছে। এর পরই মেসেজিং প্লাটফর্মের প্রধান এ বিবৃতি দিলেন। প্রতিবেদনের তথ্যানুযায়ী, মেটা টিম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন যুক্ত করার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে। বিশেষ করে চ্যাট স্ক্রিনে থাকা কথোপকথনের তালিকার মধ্যে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
সম্প্রতি মেটা কোম্পানির অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে কর্মী ছাঁটাইও রয়েছে। সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিজ্ঞাপন থেকে কোম্পানিটি ৩ হাজার ১৫০ কোটি ডলার আয় করেছে।


















