ক্রোম ওএসে বেশকিছু পরিবর্তন আনতে কাজ করছে গুগল। অপারেটিং সিস্টেমটির ক্যানারি বিল্ডে এক টিপস্টার নতুন পরিবর্তনগুলোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানতে পারেন। খবর গিজমোচায়না।
বিভিন্ন পরিবর্তনের মধ্যে ট্রাস্টেড ডিভাইস ব্যবহারের সময় স্ক্রিন লক ডিজেবল করা, ইউআইতে পরিবর্তনসহ লক স্ক্রিন থেকে ইউজারনেম ও প্রোফাইল পিকচার আড়াল করার বিষয় রয়েছে। বর্তমানে ক্রোমওএসের লক স্ক্রিনে সাইন ইন করার পর অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার ও পুরো নাম দেখা যায়। তবে সবাই এসব তথ্য প্রকাশ করতে পছন্দ করে না। যে কারণে বর্তমানে গুগল এমন একটি ফিচার তৈরিতে কাজ করছে যা লক স্ক্রিনে ইউজারনেম ও প্রোফাইল পিকচার দেখাবে না।
বিশ্লেষকদের মতে, এটি ভালো একটি ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর আরো নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া গুগল নতুন টগল অপশন নিয়ে কাজ করছে। পিন দেয়ার পর ক্রোমবুক স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে গেলে সে বিষয়ে জানাবে। সেটিংসে প্রবেশ করে লক স্ক্রিন অ্যান্ড সাইন ইন অপশনে এটি পাওয়া যাবে। সেটিংস অ্যাপেও পরিবর্তন আনবে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।
ক্রোমওএস লঞ্চারেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। একে এভরিথিং লঞ্চার নাম দিয়েছে গুগল। এখানে কাস্টমাইজড সার্চ রেজাল্টের জন্য আলাদা সেকশন থাকবে। এছাড়া ডায়াগনস্টিক অ্যাপ থেকে ইন্টার্যাকটিভ কার্ড ব্যবহারের সুবিধা থাকবে। এসব কার্ড সিপিইউ ব্যবহার, তাপমাত্রা ও ডিভাইসের ক্লকস্পিড সংক্রান্ত তথ্য দেখাবে। এছাড়া লঞ্চারে ইনস্টল করা অ্যাপগুলো কীভাবে সাজানো থাকবে এর উন্নয়নেও কাজ করছে গুগল।



















