গ্রাহকের সুবিধার্থে এবার এআই চ্যাটবট আনছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান উবার টেকনোলজিস ইনকরপোরেশনের উবার ইটস। অ্যাপ ব্যবহারকারীরা দ্রুত খাবার অর্ডার করতে এবং বিভিন্ন খাবারের সুপারিশ পাবে বলে জানা গেছে। ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের বরাতে টেকক্রাঞ্চের খবরে এ তথ্য উঠে এসেছে।
অ্যাপ ডেভেলপার স্টিভ মোজার উবার ইটস অ্যাপের মধ্যে লুকানো কোডে চ্যাটবটের তথ্য খুঁজে পেয়েছেন। চ্যাটবটটি উবার ইটস অ্যাপ ব্যবহারকারীদের বাজেট ও পছন্দের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে পাশপাশি অর্ডার করতেও সহায়তা করবে। তবে এ চ্যাটবটের পাবলিক উন্মোচনে তারিখ এখনো জানা যায়নি।
উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহি সম্প্রতি ব্লুমবার্গ টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে উবারের এআই চ্যাটবট উন্নয়নের কথা উল্লেখ করেন। তবে কোনো সুনির্দিষ্ট বিবরণ না দিলেও খোসরোশাহি বলেন, ‘উবার এরই মধ্যে চালকদের সঙ্গে গ্রাহকের সম্পর্কোন্নয়নে এআই ব্যবহার করে আসছে।’
উবার এআই সংযুক্ত করার মাধ্যমে অন্যান্য খাবার ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে যোগ দিয়েছে। ডোরড্যাশ এআই ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু করেছে পাশাপাশি একটি এআই চ্যাটবট নিয়ে কাজ করছে। ইনস্টাকার্ট ব্যক্তিগত কেনাকাটার সুপারিশ দেয়ার জন্য ইনস্টাকার্টকে জিজ্ঞাসা করুন নামে একটি এআই অনুসন্ধান সেবা চালু করেছে। এআইয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলোসহ অনেক প্রযুক্তি কোম্পানির পণ্যে এআই অন্তর্ভুক্ত করা হচ্ছে।