কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। এর মধ্যে আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো, ১৫ আল্ট্রা ও প্রো ম্যাক্স থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী, কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি নতুন সিরিজের উৎপাদন কমিয়েছে। খবর গিজমোচায়না।
মূলত সরবরাহ চেইনের সমস্যার কারণে কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গেছে। হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক জেফ পুর প্রতিবেদনে দাবি করা হয়, নতুন সিরিজের আইফোন উৎপাদন ৮ কোটি ৩০ লাখ থেকে ৭ কোটি ৭০ লাখ ইউনিটে নামিয়ে আনা হয়েছে।
অন্যদিকে জাপানের মিজু ব্যাংকের এক বিশ্লেষক ৮ কোটি ৪০ লাখ ইউনিটের পরিবর্তে ৭ কোটি ৩০ লাখ ইউনিট আইফোন ১৫ উৎপাদনের পূর্বাভাস দিয়েছেন। এছাড়া চলতি বছর অ্যাপল ২১ কোটি ৭০ লাখ ইউনিট সেলফোন উৎপন্ন করবে বলেও জানিয়েছে, যেখানে আগে ২২ কোটি ৭০ লাখ ইউনিট উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য সত্য হলে সেপ্টেম্বরেই আইফোন ১৫ সিরিজ উন্মোচন করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট। বাজারে আসার পর ২২ সেপ্টেম্বর থেকে ব্যবহারকারীরা সেগুলো কিনতে পারবে। তবে ১৫ প্রো ম্যাক্স (আল্ট্রা) তখন পাওয়া যাবে না। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, অক্টোবরের দিকে ১৫ প্রো ম্যাক্স বাজারজাত করতে পারে অ্যাপল। ক্যামেরা সেন্সর না পাওয়ায় মডেল বাজারজাতে দেরি হচ্ছে বলে সূত্রে জানা গেছে। নতুন সিরিজের মধ্যে ১৫ প্রো ম্যাক্সেই প্রথমবারের মতো পেরিস্কোপ লেন্স ব্যবহার করবে অ্যাপল।