ডাটা সেন্টারগুলোর কার্যক্ষমতা বাড়াতে বিভিন্ন কোম্পানি প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। ইন্টেলও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নতুন চিপ তৈরি করছে। এর অংশ হিসেবে আগামী বছর নতুন চিপ উন্মোচনের ঘোষণা দেয় কোম্পানিটি। এটি বর্তমানের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহারে আরো বেশি কম্পিউটিং কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে দাবি ইন্টেলের। খবর রয়টার্স।
সিলিকন ভ্যালির স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর টেকনোলজি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি কোম্পানিটি জানায়, ডাটা সেন্টারগুলোয় বর্তমানে যে চিপ ব্যবহার করা হচ্ছে তার তুলনায় সিয়েরা ফরেস্ট প্রতি ওয়াটে ২৪০ শতাংশ বেশি কাজ করবে। প্রথমবারের মতো ইন্টেল এমন তথ্য প্রকাশ করল।
ডাটা সেন্টারগুলো ইন্টারনেট ও অনলাইন পরিষেবা প্রদানে বিপুল বিদ্যুৎ ব্যবহার করে থাকে। বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ রোধে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ছে। মূলত বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য বিভিন্ন দেশ চাপ প্রয়োগ করছে। যে কারণে চিপ কোম্পানিগুলো বেশি কম্পিউটিং কার্যক্ষমতা নিশ্চিতে উন্নত চিপ তৈরিতে কাজ করছে।
চিপের বাজারে বর্তমানে এএমডির কাছে অবস্থান হারিয়েছে ইন্টেল। সম্প্রতি দেয়া বিবৃতি অনুযায়ী, আগামী বছর সিয়েরা ফরেস্ট চিপ বাজারে আসবে।