ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন

ব্যর্থতার দায় নিলেন সাকিব

পাল্লেকেলের উইকেট ব্যাটিংবান্ধব বলেই পরিচিত। কিন্তু এশিয়া কাপে বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচে দেখা গেল এর ভিন্ন রূপ। বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য পূরণ করতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে হলো ৩৯ ওভার পর্যন্ত। উইকেটে হারাতে হয়েছে ৫টি। এসবই বলে দেয় কঠিন উইকেটের কথা।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও বললেন একই কথা। তার আক্ষেপ স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করতে না পারার। নিজে ভালো ব্যাটিং করতে না পারায় দায়টা নিজের কাধেও নিলেন এই অলরাউন্ডার।

“এটা ৩০০ রান করার উইকেট নয়, তবে আমাদের ২২০–২৩০ রান করা উচিত ছিল। আমার নিজেরও আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেটা নিতে পারিনি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। সামনে এখন আমাদের জন্য বড় একটা ম্যাচ অপেক্ষা করছে।”

ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই লড়াই করেন নাজমুল হোসেন শান্ত। দুইবার লাইফ পেয়ে করেন ৮৯ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত তাওহিদ হৃদয়ের ২০। চতুর্থ উইকেটে তারা করেন সর্বোচ্চ ৫৯ রান। সাতজন আউট হন এক অঙ্কের কোটায়। ইনিংসে ছক্কা নেই একটিও। এই হলো ম্যাচের হাইলাইটস।

অবশ্য বল হাতে খারাপ করেনি দল। ৪৩ রানে শ্রীলঙ্কার ৩ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আশাবাদীও হয়ে পড়েছিলেন।

“আমাদের তখনই আরও কিছু উইকেট নেওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা নিতে পারিনি। স্কোরবোর্ডেও যথেষ্ট রান ছিল না।”

লাহোরে রোববার আফগানিস্তানের বিপক্ষে তাই জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ দলের। সাদা বলে সহজ প্রতিপক্ষ নয় আফগানিস্তান। এরপর আবার সুপার ফোরের সম্ভাবনা জিইয়ে রাখতে হিসাব রাখতে হবে নেট রান রেটের হিসাবও। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারায় যার অবস্থা হয়েছে আরও নাজুক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ