ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন

স্বর্ণের দামে আবারো রেকর্ড

স্বর্ণের দা‌ম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটাগরির সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ২৪৪ টাকা (ভরি)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

স্বর্ণের নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৭৭৭ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে এটি কার্যকর করা হবে।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এক সপ্তাহ যেতে না যেতে দাম বাড়ানোর ঘোষণা দিল সোনা ব্যবসায়ীদের সংগঠনটি।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ এক হাজার ২৪৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৮১৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৯ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

গত ১৭ আগস্ট স্বর্ণের যে দাম নির্ধারণ করা হয় আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৯৯ হাজার ২৭ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৫৯৫ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণ ৮১ হাজার ৬৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৫৩৫ টাকায় বিক্রি হয়েছে।

তার আগে গত ২০ জুলাই সোনার দাম বাড়িয়েছিল বাজুস। যা পরদিন ২১ জুন কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৭৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ঠিক করা হয়েছিল ৬৮ হাজার ৭০১ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ