পারস্পরিক সুবিধার্থে অর্থনৈতিক সহযোগিতার বর্তমান গতিকে আর বেগবান করার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে তৃতীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পাঁচ সদস্যের সিঙ্গাপুর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় স্থায়ী সচিব লুক গোহ।
আট বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, জ্বালানি, সংযোগ, সুনীল অর্থনীতি, হালাল বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতি, সক্ষমতা বিনির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কৃষি এবং আইসিটি ছাড়াও পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় উঠে আসে। দুই পক্ষ চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে আরও পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব উল্লেখ করে।
বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব মোমেন সিঙ্গাপুরকে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সুষম করতে আরএমজি, ফার্মাসিউটিক্যালস, চামড়া ও পাটজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক, বাইসাইকেল ইত্যাদিসহ অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য আমদানির জন্য একটি উৎস দেশ হিসেবে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান। দুই পক্ষই কৃষি প্রক্রিয়াকরণ, কৃষি গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।
পররাষ্ট্র সচিব মোমেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনে দ্বিপক্ষীয়ভাবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য সিঙ্গাপুরকে অনুরোধ করেন। তিনি বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে দ্রুত অন্তর্ভুক্ত করারও দাবি জানান।



















