সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে বিশ্বের বিভিন্ন দেশ নিজস্ব অবস্থান তৈরি করতে চাচ্ছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশীয় কোম্পানির পাশাপাশি আন্তর্জাতিক কোম্পানিগুলোর কারখানা স্থাপনে ভর্তুকির ব্যবস্থাও রেখেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) দেশটিতে কারখানা স্থাপনের লক্ষ্যে কাজও শুরু করেছে। কিন্তু বিভিন্ন কারণে বর্তমানে দুই পক্ষ একে অন্যকে দোষারোপ করছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে সার্বিক কার্যক্রম। খবর টেকটাইমস।
দুই পক্ষের এমন কর্মকাণ্ড ইন্টারনেট জগতেও ছড়িয়ে পড়েছে। সবশেষ প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানভিত্তিক একটি ইউটিউব চ্যানেল যুক্তরাষ্ট্রের কর্মীদের অতিঅলস বলে আখ্যা দিয়েছে। তাইওয়ান নিউজ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের শ্রম ইউনিয়ন অ্যারিজোনায় থাকা টিএসএমসির ফ্যাসিলিটি থেকে তাইওয়ানের কর্মীদের বেরিয়ে যাওয়ার কথা বলেছে। নিবন্ধের তথ্যানুযায়ী, অ্যারিজোনা পাইপস ট্রেড ৪৬৯ ইউনিয়ন একটি পিটিশন করেছে। ফলে টিএসএমসির কারখানায় বিদেশী কর্মীদের কাজ করার অনুমতি থাকবে না।
কারখানা স্থাপনে যে বিলম্ব হচ্ছে তা নিরসনে উৎপাদনকারী কোম্পানিটি তাইওয়ান থেকে আরো কর্মী যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা জানিয়েছিল। এরপর নতুন এ ঘোষণাটি প্রকাশ্যে এল। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা যেন শ্রম ইউনিয়নের কথা শোনে সে জন্য মার্কিন বিধায়কের কাছে পিটিশন আবেদন পাঠানো হয়। সেখানে তাইওয়ানের কর্মীদের জন্য ৫০০-এর বেশি ডিইবি-২ ভিসা আবেদন বাতিলের কথা বলা হয়েছে।
পিটিশনে বলা হয়, টিএসএমসি যুক্তরাষ্ট্রের কর্মীদের সম্মান দেখায়নি। তারা কর্মীদের নিরাপত্তার পরিবর্তে মুনাফাকে প্রাধান্য দিয়েছে। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে অ্যারিজোনার গুণগত মান, দক্ষতা ও কর্মশক্তির বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করছে। এ প্রশ্নের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও প্রশ্ন উঠেছে। দেশটির অনেক অধিবাসীর প্রশ্ন প্রথম পর্যায়েই কেন তাইওয়ান থেকে কর্মী আনতে হবে।
নাইটুফাইভম্যাক প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে তা বৈশ্বিক প্রযুক্তি খাতে বিরূপ প্রভাব ফেলছে। তাইওয়ানের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আমেরিকার কর্মীদের অলস আখ্যা দেয়া হয়েছে। ৩০ মিনিটেরও বেশি দৈর্ঘ্যের ভিডিওতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অধিকাংশ কর্মী কাজের সময় সেলফোন নিয়েই বেশি ব্যস্ত ছিল। তবে ভিডিওতে যে ছবি ব্যবহার করা হয়েছিল সেটির সূত্র বা উৎস সম্পর্কে কিছু্ই জানানো হয়নি। প্রযুক্তিবিশারদদের মতে, ছবিটি আসল না নকল তা বোঝার উপায় নেই। এমনও হতে পারে কর্মীরা কাজ শেষে বিশ্রাম নিচ্ছে। প্রকাশিত ভিডিও যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক কাজসংশ্লিষ্ট কর্মীদের গ্রুপ আইবিইডব্লিউ ৬৫০ এর নজরে আসে। গ্রুপটির তথ্যানুযায়ী, তাইওয়ানের একটি ফোরাম থেকে ক্লিপের স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে।

আইবিইডব্লিউ ৬৫০ জানায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। গ্রুপের এক সদস্য জানায়, নিরাপত্তার পরিবর্তে মুনাফায় বেশি মনোযোগ দেয়ায় তিনি প্রকল্প ছেড়ে চলে এসেছেন। বর্তমানে প্লান্টটির সামগ্রিক অবস্থা বিশৃঙ্খল ও অনিরাপদ বলেও জানান তিনি। অন্য প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সেখানে বড় ধরনের দুর্ঘটনাও ঘটছে। যুক্তরাষ্ট্রে বিরোধ বা সমস্যা হলেও নিকেই এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, টিএসএমসি উত্তর তাইওয়ানের শিনচু প্রদেশে ২ ন্যানোমিটারের সেমিকন্ডাক্টর তৈরিতে কাজ করছে। ২০২৫ সালে এর কার্যক্রম শুরু হবে।


















