চ্যাটজিপিটি ব্যবহার শুরুর পর থেকে এজ ব্রাউজারে বিভিন্ন ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এর মধ্যে কিছু ফিচার কার্যকর, আবার কোনোটা দ্বিধা তৈরি করে। যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট ব্রাউজিং হিস্ট্রি থেকে ওয়েবপেজের স্ক্রিনশট নেয়ার ফিচার তৈরিতে কাজ করছে। তবে এটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর গিজমোচায়না।
ক্যানারি ও ডেভেলপার চ্যানেলে বর্তমানে মাইক্রোসফট এজের ১১৭তম ভার্সন পরীক্ষার জন্য রয়েছে। এতে সেভ স্ক্রিনশটস অব দ্য সাইট ফর হিস্ট্রি ফিচার রয়েছে।
মাইক্রোসফট এজের নতুন ফিচারটি প্রথম দেখায় বেশ সহায়ক মনে হবে। এটি চালু করার পর ব্যবহারকারীরা কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই দ্বিতীয়বার ওয়েবপেজটি ব্যবহার করতে পারবে। এছাড়া হিস্ট্রিতে মাউস কার্সর রাখার মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবপেজের থাম্বনেইলও দেখতে পারবে। তবে ফিচারটির নাম ও বিস্তারিত নিয়ে ব্যবহারকারীরা সন্দিহান।
কেননা ফিচারটির নামের কারণে মনে হতে পারে যেকোনো ওয়েবসাইট ভিজিট করলেই এজ সেটার স্ক্রিনশট গ্রহণ করবে। প্রযুক্তি বিশারদ ও বিশ্লেষকদের মত, প্রতিটি ওয়েবপেজের স্ক্রিনশট নেয়ার পরিবর্তে মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের আলাদাভাবে ওয়েব পেজ সংরক্ষণের সুবিধা দেয়া যেত। তাদের আশা, ডেভেলপাররা হয়তো ভবিষ্যতে ফিচারটির আরো উন্নত ও স্ট্যাবল ভার্সনের সঙ্গে এ সুবিধা যুক্ত করবে।