শর্টভিডিও প্লাটফর্ম হিসেবে টিকটক সবার ওপরে রয়েছে। তবে ভিডিওর পাশাপাশি টেক্সটও এখন গুরুত্বপূর্ণ। আর এ খাতে এগিয়ে যেতে নতুন একটি ফিচার ঘোষণা করেছে বাইটড্যান্স মালিকানাধীন প্লাটফর্মটি। কম্পোজিশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরি, কবিতা, গানের লিরিকস ও লিখিত কনটেন্ট শেয়ার করতে পারবে। খবর এনগ্যাজেট।
টুলটি দেখতে খুবই সাধারণ। এজন্য অ্যাপের ক্যামেরা পেজে প্রবেশ করে টেক্সট নির্বাচন করতে হবে। এরপর সেখান থেকে ব্যবহারকারীরা যেকোনো কিছু লিখতে পারবে, শব্দ যুক্ত করা যাবে, লোকেশন ট্যাগ করা যাবে এবং কমেন্টও করা যাবে। কোম্পানিটি জানায়, এসব টেক্সট পোস্ট ভিডিও ও ছবির মতো ইন্টারেকটিভ ও গতিশীল হবে। এছাড়া চাইলে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাশট্যাগ এমনকি স্টিকারও যুক্ত করা যাবে।
ভিডিও ও ছবি পোস্ট করার মতো ব্যবহারকারীরা টেক্সট পোস্টও ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারবে। এতে প্রয়োজনের সময় এডিটের পাশাপাশি পোস্ট বাতিলও করা যাবে। ফিচারটিকে ইনস্টাগ্রাম স্টোরিজের মতো মনে হলে অবাক হওয়ার কিছু নেই। কেননা প্রায় সময়ই ইনস্টাগ্রামের ফিচার অনুকরণ করে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।