ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। অনলাইনে আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির আবেদনের লক্ষ্যে সকল আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে গত জুনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন আহ্বান করা হয়েছিলো। অনলাইনে আবেদন জমা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আলাদা একটা পাতা খুলেছে। সেখানে গিয়ে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফি বাবদ বাংলাদেশ ব্যাংককে অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, গতানুগতিক পদ্ধতিতে কাগুজে নথি জমা দিয়ে নয়, ডিজিটাল পদ্ধতিতেই ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় সব নথিপত্র ডিজিটাল উপায়েই জমা দিতে হবে।