ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

স্মার্টফোনে শেষ হবে না চার্জ, আসছে নতুন সুবিধা

এক সময় ব্যবহারকারীরা সহজেই তাদের মোবাইল ফোনের ব্যাটারি পরিবর্তন করতে পারতেন। কিন্তু বর্তমানে বাজারে আসা সব স্মার্টফোনের ব্যাটারি এমনভাবে সংযুক্ত থাকে যে ব্যবহারকারী তা খুলতে পারেন না। ফলে ব্যাটারি নষ্ট হলে তা ঠিক করতে মোবাইল সার্ভিস সেন্টারে যেতে হয়। তবে এ সমস্যা আর থাকছে না। স্মার্টফোনেও আর শেষ হবে না চার্জ। আসছে আগের বাটানফোনের মতো ব্যাটারি পরিবর্তনের সুবিধা।

২০২৭ সাল নাগাদ আইফোনসহ সব স্মার্টফোনে বদলযোগ্য ব্যাটারি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সপ্তাহে অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যাটারি বর্জ্য কমিয়ে আনার পাশাপাশি তাদের একচেটিয়া অভ্যাসগুলো বন্ধ করার লক্ষ্যে নতুন এই নীতিমালায় সম্মতি দিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

গত ১৪ জুন ভোটের মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্টে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউরোপীয় নিয়ন্ত্রকদের এই সিদ্ধান্তকে ‘রাইট-টু-রিপেয়ার’ আন্দোলনের জন্য বড় বিজয় বলে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ সাইট ম্যাশএবল।

এই নীতিমালা কেবল ইইউ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হলেও এর প্রভাব পুরো বিশ্বেই পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইউরোপ ও বিশ্বের অন্যান্য জায়গার জন্য দুটি ভিন্ন নকশার স্মার্টফোন তৈরির জটিলতা ও খরচে সম্ভবত মোবাইল ফোন নির্মাতারা যাবে না। ফলে, সব ব্যবহারকারীর জন্যেই স্মার্টফোনের নকশা বদলে যেতে পারে।

২০২২ সালে ইইউর পাস করা অপর একটি আইনে সব মোবাইল ফোনে ‘ইউএসবি-সি’ পোর্ট রাখার বাধ্যবাধকতা রয়েছে। ওই সিদ্ধান্তের ফলেও বিশ্বজুড়ে একই ধরনের প্রভাব দেখা যেতে পারে। ইতিমধ্যেই অ্যাপল তাদের নতুন আইফোন ১৫ মডেল সিরিজের ফোনগুলোতে ‘ইউএসবি-সি’ পোর্ট ব্যবহার করেছে।

স্মার্টফোন ব্যবহারিত ব্যাটারি ও যন্ত্রাংশ অবশ্যই ‘ব্যবহারকারীর মাধ্যমে অপসারণ ও প্রতিস্থাপনযোগ্য’ শ্রেণির হতে হবে। এর মানে হচ্ছে, কোনো বিশেষ কারিগরি জ্ঞান ছাড়াই ব্যাটারি বদলানোর সহজ উপায় থাকতে হবে ফোনগুলোতে। ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে চলার জন্য স্মার্টফোনের নকশা বদলাতে ২০২৭ সাল পর্যন্ত সময় পেয়েছে উৎপাদকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ