এখন থেকে কোনো ব্যাংকে একক পরিবার থেকে ৩ জনের বেশি সদস্য পরিচালক থাকতে পারবেন না। কোনো ব্যাংকে একক পরিবার থেকে ৩ জনের বেশি পরিচালক থাকলে বাকিদের পদত্যাগ করতে হবে। তবে কে পদত্যাগ করবেন, সেই বিষয়টি পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৬ জুলাই) সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করেছে।
বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এ ধারা ১৫ এর উপধারা (১০) নিম্নরূপভাবে সংশোধন করা হয়েছে: ‘আপাততঃ বলবৎ অন্য কোনো আইন অথবা কোন ব্যাংক-কোম্পানির সংঘ/স্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোনো একক পরিবার হতে ৩ জনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না।
এ অবস্থায়, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা ১৫ এর উপধারা (১০) এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যাংক-কোম্পানির কোনো পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকদের মধ্য হতে কোনো পরিচালক পদত্যাগ করবেন তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। তবে সমঝোতা না হলে কী করতে হবে, তাও বলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে, কে পদত্যাগ করবেন। স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার থেকে পরিচালক সংখ্যা ৩ জনে নামিয়ে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ১৯৯৮)-এর ১৫ (১০) ধারা অনুযায়ী, এক পরিবার থেকে ৪ জন পরিচালক হতে পারতেন। কিন্তু নতুন আইনে সেই সংখ্যা ৪ থেকে নামিয়ে ৩ জনে নামিয়ে আনা হয়েছে।
এদিকে, একক পরিবার থেকে পরিচালকের সংখ্যা ৪ থেকে ৩ এ নামানো হলেও ব্যাংক কোম্পানি সংশোধন আইনে ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়ানো হয়েছে। ব্যাংকের পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী পাস করেছে সরকার।