ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

বার্ডে আরো একাধিক ফিচার চালু গুগলের

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বাজারে আসার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তোড়জোড় চলছে। এর পাশাপাশি গুগল বার্ড, অ্যানথ্রোপিক ও অন্যান্য কোম্পানি জেনারেটিভ এআইয়ের বাজারে প্রবেশ করতে কাজ করছে। বাকিদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বার্ডে বিভিন্ন ফিচার যুক্ত করছে গুগল। খবর সিএনবিসি।

মার্চে প্রকাশ্যে আসে বার্ড। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে পরীক্ষার পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সম্প্রতি এতে আরো কিছু ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ছবি পরীক্ষণের সক্ষমতা, বিভিন্নভাবে উত্তর দেয়া, মতামত পড়াসহ আরো কিছু বিষয়।

ছবি যাচাইয়ের সক্ষমতা বার্ডে নতুন সংযোজন। মে মাসে অনুষ্ঠিত আইও সম্মেলনে গুগল লেন্সের ফিচার হিসেবে এটি চালুর ঘোষণা দেয়া হয়। ব্যবহারকারীরা কোনো ছবি আপলোড করার পর তা সম্পর্কে জানার জন্য বার্ডকে জিজ্ঞাসা অথবা ক্যাপশন তৈরির কমান্ড দিতে পারবে। শুধু ইংরেজি ভাষায় ফিচারটি ব্যবহার করা যাবে।

বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার ধরন পরিবর্তনের ফিচারও চালু করেছে গুগল। সিম্পল, লং, শর্ট, প্রফেশনাল ও ক্যাজুয়াল—এ কয়টি অপশন নির্বাচনের সুযোগ রয়েছে। বিভিন্ন বিষয়ে দেয়া উত্তর অডিও রূপেও শুনতে পারবেন ব্যবহারকারীরা। গুগলের দাবি, যেসব ব্যবহারকারী কোনো শব্দের প্রকৃত উচ্চারণ সম্পর্কে জানতে চান, তাদের জন্য ফিচারটি কার্যকর। বর্তমানে ৪০টির বেশি ভাষায় ফিচারটি ব্যবহার যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গুগল বার্ড ব্যবহার করা যাচ্ছে। এর মধ্যে আরবি, চাইনিজ, জার্মান, হিন্দি ও স্প্যানিশও রয়েছে। ইউরোপের বাজারেও এটি প্রবেশ করেছে। গোপনীয়তা নীতিমালা নিয়ে আইরিশ তথ্য সুরক্ষা কমিশনের সতর্কতার কারণে কিছুটা দেরিতে এর ব্যবহার শুরু হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ