ছয় বছর আগে ২০১৭ সালের মার্চে বাজারে প্রবেশ করে নিনতেনদো সুইচ। এটি একটি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস। বর্তমানে এ ডিভাইসের চাহিদা বিশ্বজুড়ে। সম্প্রতি নিহন কেইজাই শিমবুন প্রকাশিত এক প্রতিবেদনে জাপানে ডিভাইসটির বিক্রি বৃদ্ধির কথা জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত বিশ্বে সুইচের ৩ লাখ ৮০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬৮ শতাংশ বেশি। বাজারে আসার পর থেকে চলতি জুনে জাপানে বিক্রির দিক থেকে নতুন রেকর্ড তৈরি করেছে এ সুইচ। তবে সামনের বছরগুলোয় সুইচ কনসোলের বিক্রি কমার পূর্বাভাসও প্রতিবেদনে দেয়া হয়েছে। চলতি অর্থবছরে নিট মুনাফা ২১ শতাংশ কমে ৩৪ হাজার কোটি ইয়েনে পৌঁছবে।
জাপানে এখন পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ইউনিট নিনতেনদো সুইচ বিক্রি হয়েছে। শিগগিরই তা তিন কোটির মাইলফলক পার করবে বলে আশা সংশ্লিষ্টদের। শিল্প বিশ্লেষকদের মতে, আগামী বছর জাপানের বাজারে কনসোলটি শীর্ষ অবস্থানে থাকবে। হার্ডওয়্যার ও গুণগত মান নিয়ন্ত্রণের দিক থেকে দুর্বল হলেও কনসোলটি গেমারদের উন্নত অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। গিজমোচায়না


















