প্রযুক্তিবাজারে প্রতিনিয়ত নতুন পণ্য উন্মোচন করছে বিভিন্ন কোম্পানি। অ্যাপল এর মধ্যে অন্যতম এবং বাজারেও কোম্পানিটির ভালো অবস্থান রয়েছে। সম্প্রতি প্রযুক্তি জায়ান্টটির নতুন এক পণ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান অমদিয়া। তথ্যানুযায়ী আগামী বছর কোম্পানিটি ওএলইডি প্যানেলের আইপ্যাড প্রো বাজারজাত করতে পারে। খবর গিজমোচায়না।
নতুন ডিভাইসটি দুটি আকারের ডিসপ্লেসহ আসবে। এর মধ্যে একটি ১১ ইঞ্চি ও অন্যটি ১৩ ইঞ্চির। আগামী বছরের প্রথমার্ধে এ দুটি ডিভাইসের ব্যাপক উৎপাদন শুরু হবে বলে সূত্রে জানা গেছে। ওএলইডি ডিসপ্লে ব্যবহারের মাধ্যমে অ্যাপলের আইপ্যাড প্রো লাইনআপে বিভিন্ন সুবিধা যুক্ত করতে চাইছে।
বিদ্যুৎ সাশ্রয়ী ডিসপ্লে হিসেবে ওএলইডি প্যানেলের জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে আইপ্যাড প্রো সিরিজে মিনি এলইডি এলসিডি ডিসপ্লে ব্যবহার করে অ্যাপল। এর পরিবর্তে ওএলইডির ব্যবহার কোম্পানির জন্য যুগান্তকারী সিদ্ধান্ত।


















