ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

অক্টোবরে ১৪ প্রজন্মের কোর সিরিজ আনবে ইন্টেল

কম্পিউটার প্রসেসর বাজারজাতের দিক থেকে বড় অংশ দখলে রেখেছে ইন্টেল। বর্তমানে ১৩ প্রজন্মের প্রসেসর বাজারে রয়েছে। অক্টোবরের মাঝামাঝি ১৪ প্রজন্মের কোর সিরিজ বাজারজাতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি কোম্পানি। খবর গিজচায়না।

চীনের মিডিয়া আউটলেট এনথুজিয়াস্টিক সিটিজেন (ইসিএসএম) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সিপিইউ তৈরির পর বাজারজাতের আগে তথ্য ফাঁসের বিষয়ে আউটলেটটির রেকর্ড রয়েছে। তথ্যানুযায়ী চলতি বছরের ৪২তম সপ্তাহে ১৪ প্রজন্মের কোর প্রসেসর উন্মোচন করা হবে। সম্ভাব্য তারিখ আগামী ১৭-২৩ অক্টোবর।

১৪ প্রজন্মের কোর সিরিজেও গতানুগতিক কে ও নন-কে মডেল থাকবে। ২০২৪ সালের শুরুর দিকে নন-কে মডেলগুলো বাজারজাত করা হবে বলে সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আরেকটি সিইএস সম্মেলনে এগুলো প্রদর্শন করা হবে। নতুন প্রজন্মের প্রসেসর এলজিএ১৭০০ মাদারবোর্ডের সঙ্গে চলবে। বিশেষ করে যেগুলোর বায়োস হালনাগাদ। তবে কোর আই৭-১৪৭০০কে প্রসেসর এ মাদারবোর্ডে চলবে না। কেননা এতে নতুন করে আটটি পারফরম্যান্স ও ১২টি এফিশিয়েন্ট কোর ব্যবহার করা হবে, যেখানে নতুন ফার্মওয়্যারের প্রয়োজন হবে।

ইসিএসএম অ্যারো লেক নামের পরবর্তী প্রজন্মের ডেস্কটপ প্লাটফর্মের কথাও জানিয়েছে। এটি ইন্টেলের ডেস্কটপ সিরিজে নতুন ডিজাইন ও আলাদা সকেট ব্যবহার করবে, যেটি এলজিএ১৮৫১ হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইন্টেলের জেড৮৯০, বি৮৬০ ও এইচ৮১০ মাদারবোর্ডে চিপসেট ব্যবহার করা যাবে।

গত বছর মিডিয়া আউটলেটটি ১৩ প্রজন্মের র‍্যাপটর লেক প্রসেসর বাজারজাতের বিষয়ে একই ধরনের পূর্বাভাস দিয়েছিল। সে সময় সেপ্টেম্বরে উন্মোচনের কথা জানিয়েছিল ইন্টেল। পরে অক্টোবরেই প্রকাশ্যে আসে। যে কারণে ১৪ প্রজন্মের কোর সিরিজ নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ