তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তাণ্ডবে ধুঁকছে আফগানিস্তান। পেসারদের পর এবার স্পিন দিয়েও সফরকারী আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। সেই পথ ধরেই ধরা দিয়েছে সপ্তম উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৭ উইকেটে ৭৮ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শরিফুল ইসলামের হাত ধরে উড়ন্ত শুরু হয় টাইগারদের। শুরুটা হয়েছিল শরীফুলের হাত ধরে। তার জোড়া শিকারের পর আফগান শিবিরে আঘাত হানেন তাসকিন। এরপর আবারও শরীফুল। ১৫ রান তুলতেই ৪ উইকেট হারানো আফগানদের এরপর চেপে ধরেন সাকিব। টাইগার অলরাউন্ডারের ঘূর্ণিতে পতন হয় আফগানদের পঞ্চম উইকেট। এরপর উইকেটের উৎসবে সামিল হন তাইজুল।
টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে আফগানিস্তান। আজকের ম্যাচটি হাতছানি দিচ্ছে রশিদ খান, মুজিব উর রেহমানদের ইতিহাস গড়ার। যদি জিতে যায়, তাহলে প্রথমবারের মতো টাইগারদের হোয়াইটওয়াশ করবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।