যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিপরীতে পাল্টা উদ্যোগ নিয়েছে চীন। চিপ উৎপাদনে ব্যবহৃত দুটি ধাতু রফতানি বন্ধের কথা জানিয়েছে দেশটি। তবে চীন সরকারের নিষেধাজ্ঞায় সেমিকন্ডাক্টর উৎপাদন তেমন বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। খবর রয়টার্স।
গ্যালিয়াম ও জার্মেনিয়ামের রফতানি বন্ধের বিষয়টিকে নিষেধাজ্ঞার প্রাথমিক পর্যায় বলে অভিহিত করেছেন চীনের এক শীর্ষ পরামর্শক। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানানো হয়। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তি খাতের উন্নয়নে চীনকে বাধাগ্রস্ত করতে প্রযুক্তি ও পরবর্তী সময়ে যন্ত্রাংশ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
স্মার্টফোন থেকে শুরু করে ফাইটার জেটসহ বিভিন্ন খাতে চিপ সরবরাহের দিক থেকে শীর্ষে তাইওয়ান। এছাড়া অ্যাপল ও এনভিডিয়ার মতো কোম্পানিকে এখান থেকেই চিপ সরবরাহ করা হয়ে থাকে। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে টিএসএমসি জানায়, পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি বলা যায়, দুটি ধাতুর রফতানিতে চীনের নিষেধাজ্ঞা উৎপাদন কার্যক্রমে তেমন ব্যাঘাত তৈরি করবে না। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়।


















