পুঁজিবাজারে সরকারি বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে সংস্থা দুটি। সরকারের বিভিন্ন দপ্তরকে কারিগরি সহায়তা দেয়ার অংশ হিসেবে আইএমএফের একটি মিশন এখন ঢাকায় অবস্থান করছে। পাঁচ সদস্যের একটি দল বুধবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল স্থানীয় মুদ্রায় বন্ড বাজারের উন্নয়ন। মূল উদ্দেশ্য বন্ড মার্কেট হলেও এসব বৈঠকের সূচিতে মুদ্রানীতির বাস্তব কার্যকারিতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলে যে পরিবর্তন আনা হচ্ছে তার ফ্রেমওয়ার্ক, ব্যালেন্স অব পেমেন্টের ব্যবস্থাপনা, আর্থিক খাতের স্থিতিশীলতা ও উন্নয়ন, অভ্যন্তরীণ সঞ্চয়ের মতো বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। আইএমএফের ৭ সদস্যের প্রতিনিধিদলে বন্ড বিষয়ে বিশ্বব্যাংকের দু’জন বিশেষজ্ঞও রয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সফররত আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জানান, আইএমএফের এই সফরের উদ্দেশ্য বন্ড মার্কেট। সরকারি বন্ডের সেকেন্ডারি মার্কেট কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েই আইএমএফ টিম বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছে। সরকারি বন্ড মার্কেট উন্নত হলে বেসরকারি বন্ড মার্কেটও উন্নত হবে।
পুঁজিবাজারে সীমিত পরিসরে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়েছে সমপ্রতি। সরকারি বন্ডের দ্রুত তালিকাভুক্তি ও লেনদেন সহজ করে বন্ড মার্কেট উন্নয়নের পরিকল্পনা নিয়েছে আইএমএফ।