চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। একইসঙ্গে ‘শি মোটেও স্বৈরশাসক নন‘ বলেও দাবি করেছেন ক্রিস হিপকিনস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি মাসের শেষের দিকে চীন সফরের কথা রয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর। সেই সফরের আগে তিনি এমন মন্তব্য করলেন। ক্রিস হিপকিনস সাংবাদিকদের সামনে বলেন, চীনের জনগণই চীনের সরকার গঠন করেছে। শি মোটেও স্বৈরশাসক নন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের জনগণ যদি সরকার ব্যবস্থার পরিবর্তন করতে চায়, তারা তা করতে পারে। সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড থেকে একটি বাণিজ্য দল আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত চীন সফরে থাকবে। সেই দলের নেতৃত্ব দেবেন ক্রিস হিপকিনস। সফরকালে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে দেখা করবেন।
অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসাবে আখ্যা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের মাধ্যমে চিরবৈরী এই দুই দেশের উত্তেজনা প্রশমনের চেষ্টার মাঝে বুধবার বাইডেনের ওই মন্তব্যকে অযৌক্তিক ওন উস্কানিমূলক বলে অভিহিত করেছে এশিয়ার পরাশক্তি এই দেশটি।