আগে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে অগমেন্টেড রিয়েলিটি হেডসেট হলোলেন্সে উইন্ডোজ ১১ যুক্ত করেছে মাইক্রোসফট। এ প্লাটফর্মের প্রতি কোম্পানির মনোযোগের বিষয়টি প্রকাশ করতেই এ উদ্যোগ। খবর টেকরাডার।
সম্প্রতি ভিশন প্রো হেডসেট উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাপল। এর পরই মাইক্রোসফট উইন্ডোজ হলোগ্রাফিক ভার্সন ২৩এইচ১ চালুর ঘোষণা দেয়। এটি বর্তমানে প্রচলিত ও জনপ্রিয় উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের একটি ভার্সন। নতুন আপডেটের মাধ্যমে মাইক্রোসফট গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়েছে বলে দাবি করেছে।
হলোলেন্স নিয়ে গত এক মাসে গ্রাহকের অভিযোগ বেড়েই চলছে। এর মধ্যে বাগ থাকা, কম কার্যকর অপারেটিং সিস্টেমের বিষয়েই বেশি অভিযোগ। এছাড়া ডিভাইসটির ডিজাইন নিয়েও প্রশ্ন উঠেছে। শিগগির নতুন কোনো হেডসেট বাজারে আনবে না মাইক্রোসফট। তাই উইন্ডোজ ১১ দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি অগমেন্টেড রিয়েলিটির প্রতি মনোযোগী হওয়ার বিষয়টি জানানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্যবসায়িক গ্রাহকের জন্যই মূলত হলোলেন্স তৈরি করা হয়েছে। এন্টারপ্রাইজ গ্রাহকের কথাও ভাবা হয়েছে। অন্যদিকে মাইক্রোসফট এজ ওয়েবভিউ২ কনট্রোলও পাবলিক প্রিভিউ ফরম্যাটে প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের অ্যাপগুলোয় এইচটিএমএল ও সিএসএসের মতো ওয়েব প্রযুক্তি ব্যবহার করতে পারে।