ডিজিটাল অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন থেকে টুইটার আয় করে|। তবে মালিকানা পরিবর্তন, কর্মী ছাঁটাই, নীতিমালায় পরিবর্তনসহ বিভিন্ন কারণে এ খাতে আয় ক্রমান্বয়ে কমছে। তাই ভিডিও, কনটেন্ট নির্মাতা ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।
টুইটারের মালিক ইলোন মাস্ক ও নতুন প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো বিনিয়োগকারীদের সামনে এ বিষয়ে প্রেজেন্টেশন দিয়েছেন, যার অনুলিপি বার্তা সংস্থার কাছে এসেছে। টুইটারের বিনিয়োগকারীদের তিনি জানান, প্লাটফর্মটি রাজনৈতিক ও বিনোদনজগতের ব্যক্তিত্ব, পেমেন্ট পরিষেবা ও নিউজ মিডিয়া প্রকাশকদের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা করছে।
তথ্যানুযায়ী, মাস্ক প্রথম যখন টুইটারের মালিকানা গ্রহণ করেন তখন কিছু বিজ্ঞাপন ক্রয়কারী সংস্থা তাদের গ্রাহকদের টুইটারে বিনিয়োগ বন্ধ রাখার কথা জানিয়েছিল। তবে এখন সে রকম কোনো নিষেধাজ্ঞা নেই। এর মধ্যে বৈশ্বিকভাবে পরিচিত ওয়ার্নার ব্রোস, মন্দেলেজ, ম্যাকডোনাল্ডস ও ওয়ালমার্ট মাইক্রোব্লগিং প্লাটফর্মে বিজ্ঞাপন দিচ্ছে বলে জানা গেছে। মাস্কের মালিকানায় টুইটারের ব্যবসায়িক নাম পরিবর্তন করে এক্স করপোরেশন করা হয়েছে। মূলত এটিকে চীনে প্রচলিত উইচ্যাটের মতো সুপার অ্যাপে পরিণত করতেই এ উদ্যোগ। এর মধ্যে ডিজিটাল পেমেন্ট ও অন্যান্য পরিষেবা থাকবে।