মেটা মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে নতুন দুটি ফিচার চালু হয়েছে। বাজারে থাকা অন্যান্য প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার অংশ হিসেবে নতুন সব ফিচার নিয়ে কাজ করছে প্লাটফর্মটি। ইনস্টাগ্রাম নোটে যুক্ত হচ্ছে এ দুটি অপশন। খবর টেকক্রাঞ্চ।
নতুন ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা পছন্দের গান ইনস্টাগ্রাম নোটে সেট করতে পারবে। এছাড়া নোটে লেখা শব্দগুলো অনুবাদও করা যাবে। বর্তমানে নোটে ৬০ অক্ষর লেখা যায়।
২০২২ সালে ইনস্টাগ্রামে নোট ফিচারটি চালু করা হয়। নোটের যেকোনো লেখা ২৪ ঘণ্টার জন্য থাকে। এটা অনেকটা স্ট্যাটাসের মতোই কাজ করে। অন্য ব্যবহারকারীরা নোটের উত্তর দিতে পারবে। এ বিষয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, এখন থেকে ব্যবহারকারীরা নোটে ৩০ সেকেন্ড পর্যন্ত মিউজিক ক্লিপ যুক্ত করতে পারবে। এছাড়া চাইলে মিউজিকের সঙ্গে টেক্সট নোটও রাখা যাবে। পাশাপাশি এতে ইমোজিও ব্যবহার করা যাবে। নোট ছাড়া আরো একটি ফিচার আনা হয়েছে। সেটি হলো নোট ট্রান্সলেশন ফিচার। এতে যে কারো নোট অনুবাদ করে নিজের ভাষায় পড়া যাবে। নোটে ক্লিপ যুক্ত করতে হলে অ্যাকাউন্ট খুলে চ্যাট উইন্ডোয় প্রবেশ করতে হবে। এরপর ওপরের বাঁ দিকে অবস্থিত প্লাস আইকনে ক্লিক করে ইওর নোটস অপশনে যেতে হবে। সেখানে অ্যাড মিউজিক নির্বাচন করে পছন্দের গান যুক্ত করতে হবে।