উইন্ডোজ ১১-এর উইজেটে নিউজ ফিড সরানোর সুবিধা চালুর ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। ২৪ মে অনুষ্ঠিত বিল্ড ২০২৩ ডেভেলপার কিনোটে প্রতিষ্ঠানটি এক আপডেটের মাধ্যমে ফিচারটি চালুর কথা জানায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিউজ ফিডমুক্ত উইজেট প্যানেল ব্যবহার করতে পারবে। খবর গিজচায়না।
বর্তমানে উইন্ডোজ ১১-এর উইজেট বোর্ড মাইক্রোসফট নিউজ সাইট থেকে নেয়া সংবাদ ও ভিডিও স্টোরি দেখিয়ে থাকে। ব্যবহারকারীরা সেগুলো হাইড করে রাখতে পারলেও পুরোপুরি সরিয়ে দেয়ার কোনো সুযোগ নেই। চলতি বছরের শেষ নাগাদ নতুন আপডেটটি ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।
নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের উইজেট বোর্ড আনা হবে। সেখানে উইজেট অনলিসহ বিভিন্ন অপশন থাকবে এবং ব্যবহারকারীরা তা নিয়ন্ত্রণ করতে পারবে। উইজেট অনলি মোডে এমএসএন ফিড থাকবে না। ফলে উইজেট বোর্ডের নিয়ন্ত্রণ অনেকটাই ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে থাকবে। উইজেট প্যানেলের উন্নয়নে মাইক্রোসফট নতুন সব পরিবর্তন আনছে।