প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের মোবাইল পেমেন্ট ব্যবস্থা ‘অ্যাপল পে’ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য চায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা। আগে যে পরিমাণ তথ্য দেয়া হয়েছে তাতে সন্তুষ্ট নন নিয়ন্ত্রকরা। খবর রয়টার্স।
২০২২ সালে অ্যাপলের বিরুদ্ধে ‘ট্যাপ-অ্যান্ড-গো’ প্রযুক্তি ও ‘নিয়ার-ফিল্ড কমিউনিকেশনে (এনএফসি) প্রতিযোগী কোম্পানিগুলোর প্রবেশাধিকার সীমিত রাখার অভিযোগ তোলে ইইউর প্রতিযোগিতা পর্যবেক্ষক সংস্থাটি। আগে থেকেই অন্য কোম্পানির পরিষেবা বিকাশে বাধা দিয়ে আসছিল কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।
সম্প্রতি সংস্থাটির বক্তব্যে এটি পরিষ্কার, নিয়ন্ত্রকরা আইফোন নির্মাতা কোম্পানির বিভিন্ন ত্রুটি বন্ধের পাশাপাশি মামলাও বাড়াতে চায়। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘আমরা তাদের কাছে তথ্যের জন্য অনুরোধ করেছি, এ বিষয় নিশ্চিত করতে পারি।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি। অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
অন্যদিকে নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর জন্য বিকল্প হিসেবে পেপালের সাফল্য ও ডেনিশ প্রতিদ্বন্দ্বী সেবা মোবাইল পে, সুইডেনের সুইশ ও বেলজিয়ামের পেকনিকের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি উল্লেখ করেছে অ্যাপল।
ইউরোপের অ্যান্টিট্রাস্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অ্যাপল দোষী সাব্যস্ত হলে এ প্রযুক্তি জায়ান্টের বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে নিয়ন্ত্রক সংস্থাটি।