হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং প্লাটফর্মে স্প্যাম প্রতিরোধে সহায়তা করবে ট্রুকলার। কলার আইডেন্টিফিকেশন অ্যাপটি শিগগিরই এ ফিচার চালু করতে যাচ্ছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে ইন্টারনেটে সম্ভাব্য স্প্যাম কলগুলো শনাক্ত করতে পারে ট্রুকলার সে বিষয়ে সহায়তা করবে।
ট্রুকলারের সিইও অ্যালান মামেদি জানিয়েছেন, বর্তমানে বেটা সংস্করণে থাকা ফিচারটি চলতি মাসের শেষ দিকে বিশ্বব্যাপী চালু করা হবে। পরিষেবা অ্যাপটির ২০২১ সালের তথ্যানুযায়ী, টেলিমার্কেটিং এবং স্ক্যামিং কলের সংখ্যা ভারতে সম্প্রতি বেড়েছে। দেশটিতে ব্যবহারকারীরা প্রতি মাসে গড়ে প্রায় ১৭টি স্প্যাম কল পেয়ে থাকে।
ফেব্রুয়ারিতে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা দেশটির জিও এবং এয়ারটেলের মতো অপারেটরদের স্প্যাম কল প্রতিরোধের বিষয়ে নির্দেশনা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিল্টার ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে টেলিমার্কেটিং কল ব্লক করার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ট্রুকলার বলছে, টেলিযোগাযোগ অপারেটরদের সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে।
মামেদি বলেন, ‘ভারত থেকে দুই সপ্তাহ ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্প্যাম কল সম্পর্কে ব্যবহারকারীদের অসংখ্য অভিযোগ পাচ্ছি। টেলিমার্কেটাররা ইন্টারনেট কলিং প্রযুক্তিতে একেবারে নতুন।’
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্লাটফর্ম। সন্দেহজনক কার্যক্রমে জড়িত অ্যাকাউন্টগুলো শনাক্ত এবং যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে প্লাটফর্মটিতে বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্টগুলো ব্লক এবং রিপোর্ট করারও সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ট্রুকলারের বিশ্বব্যাপী ৩৫ কোটি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ২৫ কোটি ব্যবহারকারী নিয়ে এর বৃহত্তম বাজার ভারত। সাধারণত বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন পরিষেবা এবং ব্যবসায়ের ভেরিফায়েড লিস্টিং থেকেই আয় করে অ্যাপটি।












