আগামী মাসে প্লেস্টেশনের ইন-হাউজ স্টুডিও পিক্সেলওপাস বন্ধ করে দিচ্ছে সনি। এক বিবৃতিতে প্লেস্টেশনের এক মুখপাত্র স্টুডিওটির কার্যক্রম বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতির বরাতে এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, প্লেস্টেশন স্টুডিও প্রতিনিয়ত এর পোর্টফোলিও ও স্টুডিওর কার্যক্রম পর্যালোচনা করে থাকে। মূলত কোম্পানির স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কার্যকর করতেই এ উদ্যোগ।
সাম্প্রতিক পর্যালোচনা শেষে সনি আগামী ২ জুন পিক্সেলওপাস বন্ধের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এক টুইট বার্তায় স্টুডিওটি জানায়, এর অ্যাডভেঞ্চারের সময় শেষ হয়ে এসেছে। এর আগে স্টুডিওটি কনক্রিট জিনি অ্যান্ড এন্টওয়াইন্ডের উন্নয়নে কাজ করেছে। কোম্পানিটি বর্তমানে সনি পিকচারস অ্যানিমেশনের সঙ্গে প্লেস্টেশন ফাইভের জন্য নতুন একটি গেম তৈরিতে কাজ করছে।