ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যম সীমিত করার বিল উইসকনসিনে

সামাজিক যোগাযোগমাধ্যমকে সীমিত করতে চায় মার্কিন অঙ্গরাজ্য উইসকনসিন। সে বিষয়ে আইনসভায় বিল উত্থাপন করেছেন রিপাবলিকান দলের সদস্য ডেভিড স্টেফেন। বিলটি অনুমোদিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীর বয়সের সত্যাসত্য যাচাই করতে হবে। শিশুদের ক্ষেত্রে নিতে হবে পিতামাতার অনুমোদন। খবর এপি।

আইনপ্রণয়নকারীরা বারবার শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিতকরণের কথা বলছিল। অধিকাংশ মার্কিন প্রদেশেই বর্তমানে বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। টিকটক থেকে শুরু করে দেশীয় অ্যাপ্লিকেশনের নামও রয়েছে তালিকায়। উইসকনসিনের ডেমোক্রেটিক সরকার জানুয়ারিতে টিকটক বন্ধ করে দেয় সেখানে।

বর্তমান প্রস্তাব অনুমোদিত হলে ১৮ বছরের কম বয়সীরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে থাকতে পারবে না। অবশ্য শিশুদের পক্ষে হয়ে তাদের পিতা-মাতা সে সীমা অতিক্রম করতে পাবেন। স্টেফেন সব ধরনের যোগাযোগমাধ্যমের জন্য বিশেষ নীতিমালা প্রণয়নের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘‌সামাজিক যোগাযোগমাধ্যম, বিজ্ঞাপনদাতা ও অসৎ মানুষ সহজেই আমাদের সন্তানদের ডিভাইসে প্রবেশাধিকার পেয়ে যায়। এটা শিশুর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। পিতা-মাতা ও অভিভাবক হিসেবে সন্তানদের ভালো রাখা আমাদের দায়িত্ব। কিন্তু বর্তমান অনলাইন পরিষেবার যুগে এটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আইন ভঙ্গকারী সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম প্রতি অ্যাকাউন্ট হিসেবে দিনে ১০০ ডলার জরিমানা দেবে। ডাটা শেয়ারিং ও বিজ্ঞাপনের মতো অন্যান্য প্রসঙ্গও উল্লিখিত হয়েছে বিলে। তবে বিলটি কার্যকর হওয়ার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন। উইসকনসিন অঙ্গরাজ্যের আইনসভা বর্তমান রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে। যদিও সেখানকার গভর্নর টনি এভার্স ডেমোক্রেটিক দলের সদস্য। প্রস্তাবের ব্যাপারে টনি এভার্সের মুখপাত্র ব্রিট কুডাব্যাককে প্রশ্ন করা হলে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ