ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

কানাডায় সংবাদের লিংক সরিয়ে দেয়ার হুমকি গুগল, ফেসবুকের

সার্চ ইঞ্জিন ও সোশ্যাল মিডিয়ার মতো প্লাটফর্মে লিংক শেয়ার করা হলে সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে। কানাডায় এমন আইনি বাধ্যবাধকতা তৈরি হলে সংবাদের লিংক সরিয়ে দেয়ার হুমকি দিয়েছে গুগল ও মেটা। খবর রয়টার্স।

গতকাল বুধবার (৩ মে) দেশটির আইনপ্রণেতাদের এ কথা বলেছেন ইন্টারনেট ভিত্তিক প্লাটফর্মের নির্বাহীরা।

কানাডায় প্রস্তাবিত এ আইনে গুগল প্যারেন্ট অ্যালফাবেট ইনকর্পোরেটেড ও ফেসবুক প্যারেন্ট মেটা প্লাটফর্ম ইনকর্পোরেটেডের মতো প্লাটফর্মকে বাণিজ্যিক চুক্তি করতে হবে। এর মাধ্যমে তারা কানাডিয়ান সংবাদ প্রকাশকদের অর্থ দিতে বাধ্য হবে।

সাম্প্রতিক বছরে প্রযুক্তি সংস্থাগুলোর কাছে সংবাদের জন্য অর্থ চাওয়ার প্রবণতা বেড়েছে।

বিলটি পাস হলে গুগল অনুসন্ধান ফলাফলে পাওয়া কানাডার সংবাদ মাধ্যমের লিংক সরাতে বাধ্য হতে পারে। সার্চ ইঞ্জিন জায়ান্টটির সংবাদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গিংগ্রাস সিনেট কমিটিকে এ কথা বলেন।

এদিকে কানাডায় মেটার পাবলিক পলিসির প্রধান রাচেল কুরান বলেছেন, খসড়া বিলটি পাস হলে মেটা কানাডায় সংবাদ দেখাবে না।

২০২১ সালে অস্ট্রেলিয়ায় পাস হওয়া আইনের অনুরূপ অটোয়ার প্রস্তাবটি। ওই আইনের কারণে প্রথম পরিষেবা কমানোর হুমকি দেয় গুগল ও ফেসবুক। আইন সংশোধনের প্রস্তাব দেয়ার পর দুই কোম্পানি অস্ট্রেলিয়ান মিডিয়ার সঙ্গে চুক্তি করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ