অপেক্ষার অবসান শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় লিটন দাসের। তবে অভিষেক রাঙাতে পারেননি বাংলাদেশি এই ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান লিটন।
আর তাই রোববার (২৩ এপ্রিল) চেন্নাইয়ের বিপক্ষে লিটনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ম্যাচের আগে কলকাতার একাদশ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘কলকাতা এরই মধ্যে অনেকগুলো পরিবর্তন এনে ফেলেছে। তারা কি আরও পরিবর্তন আনবে? আমরা সত্যিই জানি না। নতুন ওপেনিং জুটি লিটন দাস ও জেসন রয়কে নিয়েছে দলটি। কিন্তু আপনার একাদশে একজন বিদেশি পেসার দরকার। লুকি লার্গুসন নয়তো টিম সাউদিকে খেলানো উচিত।’
তিনি আরও বলেন, ‘আপনাকে একজন বিদেশি ব্যাটার বাদ দিতে হবে। কেবল লিটন দাসই একাদশের বাইরে যেতে পারে এবং জগাদিশন তার জায়গায় খেলতে পারে। কারণ গত ম্যাচে জেসন রয় রান করেছেন। ভেঙ্কটেশ এবং নীতিশ রানার থেকে রান প্রত্যাশা করা যেতে পারে। কারণ উইকেট তাদের ব্যাটিং স্টাইলের সঙ্গে যুতসই। আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠাবেন না।’