সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার হামলায় ইসলামিক স্টেটের (আইএস) গোষ্ঠীর একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিহত নেতার নাম আবদ আল হাদি মাহমুদ আল হাজি। তিনি মধ্যপ্রাচ্য ও ইউরোপে আক্রমণের পরিকল্পনাকারী ছিলেন বলে জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মার্কিন বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে সকালে শুধুমাত্র আইএস নেতা আবদ আল হাদি মাহমুদ আল হাজিকে লক্ষ্য করে হেলিকপ্টার হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, আইএস নেতা আল হাজি বিদেশে তাদের কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছিল। বিবৃতিতে জানানো হয়, এই অভিযানে আইএসের আরও দুইজন নেতা নিহত হয়। তবে অভিযান নিয়ে বিস্তারিত আর কিছু জানায়নি সেন্টকম।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার উত্তরে তুরস্কের সঙ্গে জারাব্লুস সীমান্তের আল-সুওয়াইদার একটি ভবনে যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালায়। ব্রিটিশ ভিত্তিক এই সংস্থাটি সরেজমিনে তথ্যের ভিত্তিতে লড়াই-সংঘাত কিংবা অভিযানের তথ্য প্রকাশ করে। তারা জানিয়েছে, হেলিকপ্টার হামলার প্রধান লক্ষ্যবস্তু ছাড়াও আরও দুইজন আইএস নেতা নিহত হয়েছে।
দুই সপ্তাহ আগে মার্কিন বাহিনী সিরিয়ার একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের আরেক জ্যেষ্ঠ নেতা খালিদ আয়াদ আহমেদ আল জাবুরিকে হত্যা করেছিল। জাবুরি ইউরোপ ও তুরস্কে হামলা পরিকল্পনার জন্য দায়ী বলে জানিয়েছিল সেন্টকম।
২০১৪ সালে তাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আইএস ইরাক ও সিরিয়া এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। পরে তারা পরাজিত হলেও গোষ্ঠীটির জঙ্গিরা বিচ্ছিন্ন বিদ্রোহী হামলা চালানো অব্যাহত রেখেছে।