জুভেন্টাসে ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি, ম্যানচেস্টার ইউনাইটেডে ওলে গুনার সুলশার এবং আল নাসরে রুডি গার্সিয়া প্রত্যেকেই কোচের চাকরি হারালেন ক্লাবগুলোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পা ফেলার পর। কাকতালীয় নাকি অন্য কিছু? প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখে পড়ে রোনালদো-কোচদের দ্বন্দ্বের খবর। যেমন- রুডি গার্সিয়ার ছাঁটাইয়ের খবর জানানো এএস তাদের প্রতিবেদনে বলেছে, পর্তুগিজ যুবরাজের সঙ্গে সুসম্পর্ক না থাকার চড়ামূল্য দিয়েছেন গার্সিয়া এবং সৌদিতে রোনালদো-মরিনহো জুটি গড়তে চায় নাসর!
গত সোমবার (১০ এপ্রিল) সৌদি প্রো লিগে পয়েন্ট হারিয়েছে নাসর। আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে রোনালদোর দল। লিগে ২৩তম রাউন্ডের খেলা শেষে ৫৩ পয়েন্টে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। শিষ্যদের ওই হোঁচটের পর বিষোদগার করেন গার্সিয়া। সংবাদ সম্মেলনে হাজির হয়ে একহাত নেন রোনালদো ও তার সতীর্থদের। ভেতরের খবর সামনে এনেছে মার্কা। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, ড্রেসিংরুমে শিষ্যদের তিরস্কার করেছেন কোচ।
স্প্যানিশ আউটলেটটির তথ্য মতে, রোনালদোদের সঙ্গে গার্সিয়ার আচরণে বিরক্ত বোর্ডের কর্তারা, যারা তাৎক্ষণিক কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। আরেক স্প্যানিশ আউটলেট এএস জানিয়েছে আরও ভেতরের খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোচ হিসেবে হোসে মরিনহোকে টার্গেট বানিয়েছে সৌদির ক্লাবটি। দুই মৌসুমের জন্য রোমার পর্তুগিজ কোচকে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে নাসর। যদি মরিনহো রোনালদোর ক্লাবের প্রস্তাব গ্রহণ করেন তা হলে বিশ্বের সবচেয়ে দামি কোচ বনে যাবেন তিনি।
রোমায় দারুণ সময় কাটছে মরিনহোর। তার কোচিংয়ে গত মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগ জিতে ক্লাব। শিষ্যদের সেই সাফল্যে কান্নায় ভেঙে পড়েছিলেন কোচ। এই মুহূর্তে তার ভাবনার সবটুকু ঘিরে কেবল রোমা। চলতি মৌসুমে ইউরোপা লিগ জয়ের লক্ষ্য তাদের। নিশ্চিত করেছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। সিরি’আতে তাদের অবস্থান টেবিলের
তৃতীয় স্থানে। মরিনহো ও তার শিষ্যদের সবচেয়ে বড় টার্গেট হলোÑআগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করা। তাই আপাতত স্তাদিও অলিম্পিকো ছাড়ার ইচ্ছে নেই মরিনহোর। যেমনটা তিনি আগেই বলে রেখেছেন।
এদিকে সৌদির লক্ষ্য তাদের ফুটবলে আরও কিছু বড় নাম সংযোজন করা। তাইতো রোনালদোর আগমনের পর লিওনেল মেসির দিকে হাত বাড়িয়েছে আল হিলাল। আর্জেন্টাইন জাদুকরকে ইতিমধ্যে প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাবটি। এর রেশ না কাটতেই গুঞ্জনে জড়ালো মরিনহোর নাম। শেষ পর্যন্ত এটা সত্যি হলে পুনরায় রোনালদোর সঙ্গে জুটি গড়বেন তিনি।
এর আগে রিয়াল মাদ্রিদে জুটি গড়েছিলেন রোনালদো ও মরিনহো। স্পেনে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বদেশি কোচের অধীনে খেলেছেন পর্তুগিজ যুবরাজ।