নিরাপত্তা আশঙ্কায় প্লে-স্টোর থেকে চীনা ই-কমার্স প্লাটফর্ম পিনডুডু অ্যাপ সরিয়ে দেয়া হয়েছে। গুগলের এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, পিডিডি হোল্ডিংসের মালিকানাধীন অ্যাপটিতে ম্যালওয়্যারসংক্রান্ত ত্রুটি খুঁজে পাওয়া গেছে। ফলে গুগল প্লে প্রটেক্টের মাধ্যমে অ্যাপটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ক্ষতিকর অ্যাপগুলো থেকে সুরক্ষা দেয় ‘গুগল প্লে প্রটেক্ট’। ফিচারটি প্লে-স্টোর ও অ্যান্ড্রয়েড ডিভাইসকে স্ক্যান করে এবং ত্রুটিপূর্ণ অ্যাপ ইনস্টলেশন রোধে কাজ করে।
এ প্রসঙ্গে পিনডুডুর এক মুখপাত্র ই-মেইলের মাধ্যমে রয়টার্সকে বলেন, ‘গুগল প্লে থেকে গত মঙ্গলবার সকালে পিনডুডু অ্যাপটি সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে। কারণ হিসেবে গুগল বলছে, বর্তমান সংস্করণটি গুগলের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।’
পিনডুডু কর্তৃপক্ষ বলছে, গুগল প্লে স্থগিত হওয়া এমন আরো বেশ কয়েকটি অ্যাপ রয়েছে। যেকোনো অ্যাপ একটি প্লাটফর্ম থেকে স্থগিত হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তবে প্লে-স্টোরে অন্যান্য অ্যাপ স্থগিতের বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল কর্তৃপক্ষ।