আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় চোখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল মেহেদী হাসান মিরাজের। চোখে আঘাত পাওয়ার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে আশা ছিল দ্বিতীয় ওয়ানডে আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে চোখে এখনও রক্ত জমে থাকায় দ্বিতীয় ম্যাচেও তাকে দলে পাওয়া যাবে না বলে শঙ্কা করা হচ্ছে।
গত শুক্রবার (১৭ মার্চ) সিলেটের মাঠে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশের ক্রিকেটাররা। তখন চোখে বল লেগে মাটিতে পরে যান মিরাজ। আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে মিরাজকে নেয়া হয় হাসপাতালে। সেখানে অবশ্য সিটি স্ক্যান করে ভালো সংবাদ দেয় চিকিৎসকরা।
এদিকে চোখের আঘাত থেকে অনেকটা সেরে উঠলেও এখনও চোখের খানিকটা অংশে রক্ত জমে আছে মিরাজের। যার কারণে সানগ্লাস পরে থাকতে হচ্ছে তার সব সময়। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়।
এদিকে মিরাজকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় (১৮৩ রান) পেয়েছে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ সোমবার (২০ মার্চ) দুপুর ২টায়।