সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি। বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে কার্যকর হচ্ছে সরকারের এ নির্দেশনা। সরকারের এ সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, আজ বুধবার (১৫ মার্চ) পর্যন্ত আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে ইমপোর্ট পারমিট না থাকায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। সে কারণে এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা সঠিক মূল্য পাবেন না। মূলত সে কারণে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আমদানির শেষ দিনে ভোমরা বন্দর দিয়ে ১০০-১১০ ট্রাক পেয়াজ আমদানির কথা রয়েছে।