ঘরের মাঠে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হাতছাড়া হল টানা সাত বছর পর। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নেয়ায় টি-টোয়েন্টি সিরিজে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। টি-টোয়েন্টির ক্যাপ্টেন সাকিব আল হাসানের ফর্মে ফেরা টাইগার শিবিরে সবচেয়ে বড় চমক। ফলে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সাকিবের পারফরম্যান্স ইংল্যান্ডের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে দুই দলের সাক্ষাৎ হয়েছে মাত্র একবার। সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছে ইংল্যান্ড।
গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের চার মাসের ব্যবধানে এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন ইংলিশরা।
সমীকরণে বাংলাদেশের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ইংলিশরা টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৭০ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে ৯২টিতে, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ বৃহস্পতিবারের আগে ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। হেরেছে ৯২টিতে। জয়ের তুলনায় পরাজয় বেশি।
ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। স্কোয়াডেও চমক থাকবে। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক কেউ খেলবেন না। তাদের জায়গায় সদ্য শেষ হওয়া বিপিএলে আলো ছড়ানো বেশ কয়েকজন ডাক পেয়েছেন স্কোয়াডে। ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের চেহারা নতুন রূপ পেয়েছে।
চলতি সিরিজেই অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়, তানভির ইসলাম কিংবা রেজাউর রহমান রাজার মতো তরুণ ক্রিকেটারদের। সেই সঙ্গে দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। এ ছাড়া অভিষেকের পর কিছুদিন খেলার অভিজ্ঞতাও হয়েছে হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারীর মতো তরুণদের।
অন্যদিকে ইংল্যান্ডের ওয়ানডে দলটাই টি-টোয়েন্টি খেলতে নামতে পারে। পরিবর্তন থাকতে পারে দুই জায়গায়। টি-টোয়েন্টির বিশেষজ্ঞ পেসার ক্রিস জর্ডান একাদশে থাকতে পারেন। মিডল অর্ডার ব্যাটার বেন ডাকেট খেলতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।