টেলিকম নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনায় নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্লাউড টুল প্রকাশ করেছে মাইক্রোসফট। অ্যাজুর ক্লাউড প্লাটফর্ম পরিচালনায় যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার ভিত্তিতেই এগুলো তৈরি করা হয়েছে। খবর রয়টার্স।
এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে টেলিকম অপারেটররা লাভবান হবে এবং নতুন ব্যবসা ক্ষেত্র তৈরি করতে পারবে। এর মধ্যে উচ্চগতির ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ও রয়েছে। ২০২০ সালে ক্লাউড নেটওয়ার্ক কোম্পানি অ্যাফার্মড নেটওয়ার্কস ও মেটাসুইচ অধিগ্রহণের মাধ্যমে মাইক্রোসফট প্রথম ফাইভজির বাজারে প্রবেশ করে।
প্রতিষ্ঠানটি প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বেশি মনোযোগী। এর অংশ হিসেবে চ্যাটজিপিটি বটের প্রতিষ্ঠাতা ওপেনএআইতে বড় বিনিয়োগ করেছে। এ বটটি বর্তমানে সিলিকন ভ্যালিসহ পুরো প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি এর সব পণ্য ও পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট যুক্ত করার কথা জানিয়েছে।
মাইক্রোসফটের স্ট্র্যাটেজিক মিশন ও প্রযুক্তি খাতের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেসন জান্ডার বলেন, ‘বর্তমানে আমরা যা করছি তা হলো আমাদের নেটিভ ক্লাউড অংশকে টেলিকম অপারেটর বা নেটওয়ার্ক পরিচালনাকারীদের জন্য নির্দিষ্ট করে দেয়া।’