ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল এখন বাংলাদেশে। টেস্ট দল নিউজিল্যান্ডে। শান্তির দেশে বেন স্টোকসরা শাসন করছে নিউজিল্যান্ড ক্রিকেটারদের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাটিংয়ে স্বাগতিকদের ভুগিয়েছেন হ্যারি ব্রুক ও জো রুট। দুজনে ইংল্যান্ডকে পাইয়ে দিয়েছেন ৪৩৫ রানের পুঁজি। এরপর কিউইদের ব্যাটিং লাইনআপ তছনছ করলেন জিমি অ্যান্ডারসন ও জ্যাক লিচ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুজনের দুই স্পেলে পথ হারাল স্বাগতিকরা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ১৩৮ রানের সংগ্রহ নিয়ে।
সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে হারে ২৬৭ রানে। ওয়েলিংটনেও একই পথে হাঁটছে তারা। দ্বিতীয় দিনে তাদের সর্বনাশের শুরু অ্যান্ডারসনের পেসে। ইংলিশ পেসারের গতি ও আর সুইংয়ে মাত্র ২১ রানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই প্রথম আঘাত হানেন ৪০ বছর বয়সে টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে ওঠা অ্যান্ডারসন। রানের খাতা খুলতে দেননি ডেভন কনওয়েকে। এরপর কেন উইলিয়ামসন (৪) এবং উইল ইয়ংকে (২) দুই অঙ্কের রান ছুঁতে দেননি অ্যান্ডারসন।
এরপর লিচের ঘূর্ণি জাদু। নিউজিল্যান্ড হারায় আরও তিন উইকেট। টম লাথাম ও হেনরি নিকোলসের ৩৯ রানের জুটি ভাঙেন লিচ। অল্প সময়ের ব্যবধানে দুজনকেই ক্যাচ বানান তিনি। লাথাম করেন ৩৫ রান, নিকোলস ৩০। দুটো ক্যাচই ধরেন ওলি পোপ। ড্যারিল মিচেলকেও (১৩) উইকেটে থিতু হতে দেননি লিচ। নিউজিল্যান্ডের সপ্তম উইকেটের পতন ঘটান স্টুয়ার্ট ব্রড। দুর্দান্ত এক ফিরতি ক্যাচে ব্রেসওয়েলকে (৬) আউট করেন তিনি। দ্বিতীয় দিনের শেষটায় ছিল প্রথম দিনের প্রতিচ্ছবি। শুক্রবার ভারী বৃষ্টিতে তৃতীয় সেশনের অর্ধেকের বেশি খেলা মাঠে গড়ায়নি। শনিবারও ঘটে একই ঘটনা।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ছন্দে ফিরে কিউই বোলাররা। এদিন মাত্র ২ রান করতেই হ্যারি ব্রুককে আউট করেন ম্যাট হেনরি। ইংলিশ এই ব্যাটার প্রথম দিনে অপরাজিত ছিলেন ১৮৪ রানে। ব্রুক ও জো রুটের ৩০২ রানের জুটি ভাঙার পর বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সফরকারীরা। উইকেটে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কেবল রুট। আট উইকেটে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে। দ্বিতীয় দিনে হেনরি ছাড়াও জোড়া আঘাত হানেন ব্রেসওয়েল।
স্বাগতিক স্পিনার আউট করেন বেন ফোকস (০) ও স্টুয়ার্ট ব্রডকে। ২৮ বলে ২৭ রান করা বেন স্টোকসে থামান নেইল ওয়েগনার। হেনরির দ্বিতীয় শিকার হন স্টুয়ার্ট ব্রড। সবমিলে চার উইকেট শিকার করে তিনিই ছিলেন কিউইদের সফল বোলার। কিন্তু তাদের সফলতা দিন শেষে ফিকে হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউজিল্যান্ড আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে টম ব্লান্ডেল এবং টিম সাউদির ব্যাটে। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ২৫ ও ২৩ রানে।